নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের শুরু থেকেই পরীক্ষা নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ লাইন-লেংথে টানা বোলিং করে যাওয়ার পুরস্কারও পেলেন তিনি। ডেভন কনওয়েকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন এই অফ স্পিনার।
এই উইকেটে অভিষিক্ত শাহাদাত হোসেন দিপুর কৃতিত্বও কম নয়। সিলি পয়েন্টে তার চমৎকার ক্যাচেই যে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে কনওয়েকে।
অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে হালকা ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মকভাবে খেলেন কনওয়ে। তার ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডে আঘাত করে বল যায় সিলি পয়েন্ট ফিল্ডার শাহাদাতের ডানদিকে। ঝাঁপিয়ে পড়ে এক হাতে বল মুঠোয় জমান ফিল্ডার।
৪০ বলে ১ চারে ১২ রান করে ফেরেন কনওয়ে। ষোড়শ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৪৬।
নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন হেনরি নিকোলস। তার সঙ্গে উইকেটে আছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন।
