নোয়াখালীর সেনবাগে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের ইটপাটকেলের আঘাতে পুলিশের একজন এএসআই ও এক সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের মধ্যে দৈনিক যুগান্তর ও আরটিভির সেনবাগ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী ও সেনবাগ থানার এএসআই কাউসার আহমেদ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতাউর রহমান ভূঁইয়া প্রকাশ তমা মানিকের এক অনুসারীর সঙ্গে সেনবাগ সরকারি কলেজে এমপি মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইট এলাকায় তমা মানিকের এক অনুসারীকে মারধর করে এমপির অনুসারীরা। পাল্টাপাল্টি দুটি ঘটনার সূত্র ধরে রাত ৯টার দিকে সেনবাগ হাই স্কুল গেটে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকায়ও ককটেলের বিস্ফোরণ শুরু হয়। এরই মধ্যে ওই স্থানে মুখোমুখি হয় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর ও ছাত্রলীগ নেতা সোয়েবের নেতাকর্মীরা। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পুলিশ দুই পক্ষের মাঝখানে থাকা অবস্থায় উভয় পক্ষ একে অপরকে উদ্দেশ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করতে থাকে। পুলিশের এএসআই কাউসারের মাথা ইটের আঘাতে ফেটে যায় এবং ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা সাংবাদিক জাহাঙ্গীরকে মারধর করে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্র বলছে, ছাত্রলীগ নেতা সোয়েব আওয়ামী লীগ থেকে মনোয়ন প্রাপ্ত এবং বর্তমান সাংসদ মোরশেদ আলমের অনুসারি ও তানভীর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন নেওয়া আতাউর রহমান ভূঁইয়া তমা মানিকের অনুসারি। ভোটে উভয় প্রার্থীর অংশগ্রহণ নিয়ে এ ঘটনা ঘটেছে।
সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তাদের ইটপাটকেলের আঘাতে একজন পুলিশ আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
