মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী ও মহেশখালীর ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আহমদ এই আদেশ দেন।
এর আগে সকালে আওয়ামী লীগের ওই ৮ নেতার বিরুদ্ধে একই আদালতে মামলার আবেদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু।
মামলার আবেদনে যাদেরকে আসামি করা হয়েছিল তারা হলেন— বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফান উদ্দীন। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী ও মহেশখালী উপজেলার ৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন এম এ হাশেম। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। মামলাটি আদেশের জন্য রেখেছিলেন। বিকেলে তার আবেদন খারিজ করে দেন আদালত।
এম এ হাশেম রাজু দাবি করেন, গত ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দেন আসামিরা। তাদের ওই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল।
