বরিশালে অবরোধের সমর্থনে বিএনপির বের করা মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলী হায়দার বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন।
তিনি বলেন, বরিশাল নগরের বটতলা দুদক অফিসের সামনে থেকে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই দিক থেকে পুলিশ ধাওয়া দেয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বাবুল, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারসহ (মাহফুজুল) দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রিপন আরও বলেন, পুলিশের লাঠিচার্জের পাশাপাশি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব স্বপন চৌধুরী, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা, বরিশাল ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসলামসহ ১০ থেকে ১৫জন আহত হন।
এদিকে বরিশাল নগরের বান্দরোডে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করেছে। মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পুরনো মামলার আসামি। তাদের বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সময় গ্রেপ্তার করা হয়। তবে বটতলায় বিএনপির মিছিলে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি বলে দাবি করে তিনি।
এদিকে বিএনপির অবরোধকে কেন্দ্র করে নগরীর টার্মিনালগুলোসহ মোড়ে মোড়ে অবস্থা নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। আর যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলাচল সীমিত রয়েছে। অন্যদিকে কম যাত্রী নিয়ে অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে চলছে লঞ্চ। লঞ্চঘাটে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে কোস্টগার্ড সদস্যদের।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রী কম থাকলেও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ যাত্রী নিয়ে যাবে।
