মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশি শ্রমিক

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০২ এএম

মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণাধীন ভবন ধসে সেখানে কর্মরত তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে গতকাল বুধবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে আছেন। তারা সবাই বাংলাদেশি।

গতকাল দুপুর পর্যন্ত পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে পেনাংয়ের ডেপুটি পুলিশ কমিশনার দাতুক মোহামেদ ইউসুফ জান মোহামাদ বলেন, ঘটনাস্থলে একটি ১২ মিটার লম্বা বিম পড়ে যায়। ১৪ টন ওজনের এই বিমের আঘাতে আরও ১৪টি বিম ধসে পড়ে। সেখানে ১৮ শ্রমিক কাজ করছিলেন। কিন্তু দুর্ঘটনার সময় ৯ জন নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি বলেন, নিহত তিন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজন হাসপাতালে মারা যান। গুরুতর আহত দুই শ্রমিককে পেনাং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দাতুক বলেন, ‘আমরা ধারণা করছি আরও চার শ্রমিক ধসে পড়া ভবনের নিচে আটকে আছেন।’

পেনাংয়ের দমকল বিভাগের উপপরিচালক জুলফাহমি সুতাজি জানান, ঘটনাস্থলে ভারী অবকাঠামো সরিয়ে উদ্ধারকাজ পরিচালনা করতে তারা সমস্যার মুখে পড়ছেন।

তিনি বলেন, ‘ভারী নির্মাণসামগ্রী সরিয়ে মানুষকে উদ্ধার করতে ভারী যন্ত্র প্রয়োজন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে আমরা কে-৯ ইউনিটকে খবর দিয়েছি। দমকল বিভাগের প্রাথমিক মতে, অন্তত ৯ জন শ্রমিক এখনো সেখানে আটকে আছেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত