প্রথম সেশনে ১২ রানের লিড বাংলাদেশের

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫০ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে তৃতীয় দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষের শেষ দুই উইকেট নিয়ে এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে তারা। এরই মধ্যে ১২ রানের লিড নিয়ে প্রথম সেশন শেষ করেছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৩১০ রান করা বাংলাদেশ প্রতিপক্ষকে ৩১৭ রানে গুঁড়িয়ে দিয়েছে। ৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা দলটি এখনও পর্যন্ত কোনো উইকেট হারায়নি।

১০ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করেছে বাংলাদেশ। ৫ রানে খেলছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের রান ১৪।

৪৪ রান পিছিয়ে থেকে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। আস্থার সঙ্গে ব্যাটিং করে সফরকারীদের লিড এনে দেন টিম সাউদি ও কাইল জেমিসন। তাদের ৫২ রানের জুটি শেষ পর্যন্ত ভাঙেন মুমিনুল হক।

১০২তম ওভারের প্রথম বলে জেমিসনকে এলবিডব্লিউ করে ফেরান মুমিনুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১ চারে ৭০ বলে ২৩ রান করা জেমিসন। তিন বল পরই সাউদিকে বোল্ড করে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন মুমিনুল। ৩ চারে ৬২ বলে ৩৫ রান করেন কিউই অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত