অনেক স্মৃতি জাগিয়ে দিলেন অ্যাডাম হলিয়াক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ এএম

বিশ্বকাপ পরবর্তী আমূল বদলে যাওয়া পাকিস্তান ক্রিকেট দল এখন রয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব শুরু করবেন শান মাসুদ। দলটার হেড কোচের বাড়তি দায়িত্ব সামলাবেন ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ। সাঈদ আজমল ও উমর গুল এসেছেন স্পিন ও পেস বোলিং কোচ হিসেবে। এবার অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যাডাম হলিয়াক’কে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

এতোদিন ধরে কোথায়-কেমন ছিলেন ৫২ বছর বয়সী হলিয়াক! হলিয়াক নামটা শুনলেই দুজনের স্মৃতি ভর করার কথা ক্রিকেটের পাড় সমর্থকদের। অ্যাডাম ও বেনজামিন হলিয়াক। দুই ভাইয়ের বয়সের ব্যবধান ৬ বছরের। ১৯৯৬ সালে বড় ভাই অ্যাডাম হলিয়াকের অভিষেক হয় ইংল্যান্ড ওয়ানডে দলে, পরের বছরই ডাক পান টেস্ট দলে। দুই ভাইয়ের টেস্ট অভিষেক হয় একই ম্যাচে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

দুই ভাই অ্যাডাম (বাম থেকে দ্বিতীয়) ও বেনের (ডানে প্রথম) টেস্ট অভিষেক

অ্যাডামের জাতীয় দলের ছোট্ট ক্যারিয়ার থেমে যায় মাত্র তিন বছরেই। ৪টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলা অ্যাডাম ইংল্যান্ডের অধিনায়কত্ব করেন শারজায় হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে। চার জাতির ওই টুর্নামেন্টের ফাইনালে ওয়ালশ-লারার উইন্ডিজকে হারিয়ে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক অ্যাডাম হলিয়াক।

তবে ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের সঙ্গে ম্যাচের পরে আর কখনো জাতীয় দলে খেলা হয়নি অ্যাডামের। নেট রানরেটের ব্যবধানে ঘরের মাঠে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। এরপর ২০০৪ পর্যন্ত প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট খেলেন অ্যাডাম। কোচিং ক্যারিয়ারও খুব একটা সমৃদ্ধ নয়। ২০০০ সালে এসিসি ট্রফিতে হংকং জাতীয় দলের কোচ ছিলেন। এরপর আফগানিস্তানের ঘরোয়া টি২০ দল বুস্ট ডিফেন্ডারের দায়িত্ব সামলেছেন। ইংল্যান্ড এ দল থ্রি লায়ন্সের ফিল্ডিং কোচ ছিলেন।

আফগান তারকা রশিদ খানের সঙ্গে অ্যাডাম হলিয়াকে

 

তবে মজার বিষয় হলো ক্রিকেট ছেড়ে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত বক্সিং ও এমএমএ খেলেছেন অ্যাডাম। এতোদিন বাদে সেই তিনিই এখন ফিরলেন ক্রিকেটে, পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে।

এমএমএ ফাইটার রূপে অ্যাডাম

অ্যাডাম জীবনকে উপভোগ করলেও পারেননি তার অনুজ বেনজামিন। মাত্র ২৪ বছর বয়সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যায় ইংল্যান্ডের প্রতিভাবান এক তারকার জীবনের আলো। ১৯৯৭ সালে ওয়ানডে ও টেস্ট দলে অভিষেক হয় বেনের। ক্যারিয়ারে খেলা দুটো টেস্টের প্রথমটি অস্ট্রেলিয়া ও শেষটি শ্রীলঙ্কার সঙ্গে।

দুর্ঘটনার পর বেন হলিয়াকের পর্শে গাড়িটি

ওয়ানডে খেলেন ২০টি। ২০০২ সালে ২৩ মার্চ পার্থে বেন যখন প্রাণ হারান সেই সময়ে আবার ক্যারিয়ারে উথ্বান দেখছিলেন বেন। তখনকার ইংল্যান্ড কোচ ডানকান ফ্লেচার ভূয়সী প্রশংসা করেছিলেন বেন হলিয়াকের।

হলিয়াক ভাইদের ক্রিকেট স্মৃতির পুনর্জাগরণ হলো পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে অ্যাডামের এই নতুন পথচলার মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত