মতবিনিময়ে সুলতানা কামাল

সংখ্যালঘুবিরোধী অনেকে মনোনয়ন পেয়েছেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুবিরোধী অনেকেই মনোনয়ন পেয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তারা দাবি করেন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে এমন ১০ জন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচনে সহিংসতা : উত্তরণের পথ’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল এ সময় বলেন, ‘অত্যন্ত স্পষ্টভাবে সংখ্যালঘুবিরোধী, হিন্দুবিরোধী, দুর্নীতি করছেন, নানাভাবে লুটতরাজের সঙ্গে যুক্ত আছেন এমন অনেকেই মনোনয়ন পেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো সহিংসতা হচ্ছে এবং নির্বাচন বা পূজার মতো বিশেষ সময়ে সেটি আরও তীব্রতর হয়। কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা হয়, তা নয়। আমরা আসলে একটা সহিংস সমাজের মধ্যে বাস করছি। দোষীরা পার পেয়ে যায় বলে সংখ্যালঘু নির্যাতন বেশি হয়।’

সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের অন্তত ১০ জন মনোনয়ন পেয়েছেন, যারা সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত।’ তিনি বলেন, ‘এখন নির্বাচনে আর সংখ্যালঘুদের ভোটের প্রয়োজন হয় না। যে ৮ দশমিক ৯ ভাগ ভোট দেবেন, সেটারও তো প্রয়োজন হচ্ছে না। তাই যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতির পরিবর্তন না হয়, ততক্ষণ এর সমাধান হবে না।’

পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত