কয়েকদিন পড়ি ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে সিরিজ ‘দ্য আর্চিজ’। আর এই সিরিজের মধ্য দিয়েই বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানা খানের। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার। তবে এই সিরিজে সুহানা শুধু অভিনয়ই করেননি, গানও গেয়েছেন।
সদ্য মুক্তি পেয়েছে সিরিজটির নতুন গান ‘জাব তুম না থি’। এই গানেই কণ্ঠ দিয়েছেন সুহানা। বলিউডের নামী সুরকারের দল শঙ্কর-এহসান-লয়-এর সুরে ওই গান গেয়েছেন সুহানা। তবে শুধু সুহানাই নন, গানে তার সঙ্গে আরও কন্ঠ দিয়েছেন ডট, তেজস, জাভেদ আখতারের মতো বর্ষীয়ান শিল্পীও।
সোশ্যালে সম্প্রতি সেই গানের ঝলক পোস্ট করে সুহানা লেখেন, ‘আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’
‘দ্য আর্চিজ’ সিরিজে অভিনয়ের জন্য স্কেটিং থেকে শুরু করে ব্যালের মতো কঠিন প্রশিক্ষণ নিয়েছেন সুহানা ও বাকি কলাকুশলীরা। স্কেটিং জুতা পরে মসৃণ মেঝেতে নাচের মহড়া দিতে গিয়ে বার বার উল্টে পড়েছেন তারা। তা সত্ত্বেও হাল ছাড়েননি শাহরুখ-কন্যা। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।
শুধু স্কেটিংই নয়, সিরিজের জন্য ব্যালে নাচও শিখেছেন তিনি। ব্যালে শিখতে গিয়ে মাটিতে পড়ে আঘাতও পেয়েছেন। কয়েক মাস আগে সোশ্যালে তেমনই একটি ছবি পোস্ট করেছিলেন সুহানা। তবে বাবার মতো নিজের মেধা ও পরিশ্রমে মাধ্যমেই বলিউডে নিজের জায়গা তৈরি করতে চান সুহানা। নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে তাই কোনও খামতি রাখেননি বাদশা-কন্যা।
