শ্রমিক সমাবেশ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী আলীসহ ১২ জন শ্রমিক নেতৃবৃন্দকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নেতারা।
তারা বলেছেন, ‘নির্যাতন-নিপীড়নের মাত্রা যত বাড়বে, শ্রমিক দলসহ বিরোধী নেতাকর্মী ও জনগণ আরও বলীয়ান হবে। তারা সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন করেই ঘরে ফিরবে।’
আজ শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তি, কর্মচ্যুতদের কাজে পুনর্বহাল ও নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদ-এসএসপি ও জাতীয়তাবাদী শ্রমিক জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ আয়োজন করে।
এসময় সমাবেশ শেষে প্রেসক্লাব এলাকা থেকে নেতাদের গ্রেপ্তার করার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী জাতীয় কনভেনশন-২০২৩ এর প্রধান সম্বনয়ক-বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম ।
শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত বিবৃতিতে শ্রমিক দল নেতৃবৃন্দ বলেন, ‘নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে, তখন স্বৈরাচারী সরকার মামলা, হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে শ্রমিক সমাজের মাঝে ভীতির সঞ্চার করতে শ্রমিক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তার করে কারান্তরীণ করছে। শ্রমিকদের দাবিদাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাচ্ছে।’
