বছর দুয়েক আগে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষকে এবার ঘরের মাঠে ডেকে এনে হারিয়ে দিল তারা। মাউন্ট মঙ্গানুইয়ের মতো সিলেটেও বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি কিউইরা। হেরে গেছে ১৫০ রানের বড় ব্যবধানে।
নিউজিল্যান্ডের জন্য দিনটি হতাশার হলেও বাংলাদেশের জন্য স্মরণীয়। ঘরের মাঠে কিউইদের যে প্রথমবার টেস্টে হারাতে পেরেছে তারা। নিজেদের সবশেষ ম্যাচেও জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল আফগানিস্তানকে।
বাংলাদেশের এই ধারাবাহিক ভালো খেলা নজর কেড়েছে টিম সাউদির। তার মতে, ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ের পর সিলেটে তাদেরকে হারিয়ে দেওয়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির বড় লক্ষণ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে দুই হার নিয়ে কিউই অধিনায়ক সাউদি বলেন, 'আমরা জানি, বিশ্বের এই অংশে বাংলাদেশ একটি কঠিন দল। তারা এই কন্ডিশনের সঙ্গে খুব অভ্যস্ত। এটা খুবই কঠিন জায়গা। আর নিউজিল্যান্ডে আমাদের কন্ডিশনে দীর্ঘ সময় ধরে আমরা খুব ভালো খেলেছি। এবং আমি মনে করি যখনই আপনি হারবেন তখন এটি আদর্শ নয়। এবং আমি মনে করি এটি বাংলাদেশ দলের উন্নতির লক্ষণ।'
নিউজিল্যান্ডকে হারিয়ে ১৩৯ টেস্টে বাংলাদেশের জয়ের সংখ্যা বেড়ে হলো ১৯টি। আর দেশের মাটিতে ৭৪ টেস্টে এটি তাদের ত্রয়োদশ জয়। ঘরের মাঠে সপ্তম প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট জিতল টাইগাররা। এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয় ছিল তাদের।
টেস্টে বাংলাদেশের একাধিক জয় ছিল কেবল দুটি দেশ- জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই তালিকায় এবার যুক্ত হলো নিউ জিল্যান্ডের নাম। এই তিন দেশের বিপক্ষে ঘরে ও প্রতিপক্ষের মাটিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
