যে কারণে জয়ের কথা আগেই বলেছিলেন শান্ত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

মাঠের লড়াইয়ে নামার আগে জয়ের লক্ষ্য থাকে যেকোনো দলেরই। নাজমুল হোসেন শান্তও ব্যতিক্রম ছিলেন না। বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক অবশ্য শুধু ম্যাচ নয়, সিরিজ জেতার কথা বলেছিলেন। সিলেটে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই পথে এক ধাপ এগিয়ে গেল স্বাগতিকরা। আগেই কীভাবে জয়ের আত্মবিশ্বাস পেলেন শান্ত, সেটা তুলে ধরলেন ম্যাচের পর।

সাদা বলের ক্রিকেটে জয়-পরাজয় নিয়ে সরাসরি অনেক কথা বলা গেলেও, টেস্টের ক্ষেত্রে থাকতে হয় কিছুটা সাবধানী। কারণ এই সংস্করণে তো 'ড্র' ফল কম হয় না। তাই সিলেট টেস্ট শুরুর আগে শান্ত যখন জয়ের কথা বলেছিলেন, তখনও আসলে সেটিকে স্রেফ ‘বলার জন্য বলা’ হিসেবেই ধরে নিয়েছিলেন অনেকে।

কারণও অবশ্য আছে। নিয়মিত অধিনায়ক, সহ-অধিনায়কসহ সম্ভাব্য সেরা দলের ৫ জন ক্রিকেটারই নেই। বিশ্বকাপে ভরাডুবির পর গোটা দেশের ক্রিকেট মনে হচ্ছিল ছন্নছাড়া। সেখানে পূর্ণ শক্তির নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের আশাটা বাড়াবাড়ি মনে হওয়া স্বাভাবিক।

১৫০ রানে কিউইদের হারিয়ে সেটিকেই সত্যিতে পরিণত করলেন শান্ত ও তার দল। স্মরণীয় এই জয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ভেতরের সত্যিকারের বিশ্বাস থেকেই জয়ের কথা বলেছিলেন তিনি।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, 'আমি খুবই পরিষ্কার ছিলাম। দলের কাউকে মোটিভেট করার জন্য বলিনি। সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম যে, এখানে এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা যে শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ছিল। আমি যখন দেখেছি প্রতিটি ক্রিকেটার ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে যে, আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমার তখনই করেছি।'

একই সঙ্গে ক্রিকেটীয় ভাবনাও কাজ করেছে শান্তর এমন আত্মবিশ্বাসের পেছনে, 'আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে, আমাদের যে বোলিং আক্রমণ, ব্যাটিংয়ে আমরা যেরকম চিন্তা করি বা যে শক্তি আছে, আমার কাছে এই তিনটি অংশ মিলিয়েই এবং চিন্তা করেই মনে হয়েছিল এই সিরিজটি জেতা সম্ভব।'

সিরিজ জয়ের কথাকে সত্যি প্রমাণিত করতে শান্তকে এবার জিততে হবে মিরপুরে। কিংবা ম্যাচটি ড্র করলেও ১-০ ব্যবধানে দুই ম্যাচের সিরিজটি জিতে নেবে বাংলাদেশ। আগামী ৬ ডিসেম্বর শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত