ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই ইরানে বেড়েছে মৃত্যুদণ্ডের সংখ্যা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বর্তমান পর্যন্ত নারী ও শিশুসহ ১২৭ জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার।

অর্থাৎ ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মৃত্যুদণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই যুদ্ধকে মৃত্যুদণ্ড আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটির সরকার।

ইরানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে কয়েকটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। খবর দ্যা গার্ডিয়ান।

ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এবং নরওয়ে ভিত্তিক সংস্থা হেনগাও দ্বারা সংগৃহীত তথ্য অনুযায়ী, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে উদ্বেগজনক বৃদ্ধি ঘটেছে।

এ ছাড়া ইরানের আরেক মানবাধিকার সংস্থা (এইচআরএ) নিশ্চিত করেছে যে, গত সপ্তাহে বুধবার একদিনের মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের সরকার।

মানবাধিকার কর্মীরা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবার বিচারিক প্রক্রিয়া ছাড়াই মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া এবং গাজায় যুদ্ধ নিয়ে বিশ্বের ব্যস্ততার কারণে ইরানের এ ঘটনা আড়াল পরে যাওয়ার অভিযোগ জানিয়েছে।

ইরান হিউম্যান রাইটস এর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম জানান যে তার সংস্থা আগস্ট এবং সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর এবং নভেম্বর মাসে ইরানে মৃত্যুদণ্ডের দ্বিগুণ সংখ্যা রেকর্ড করেছে।

গত দুই মাসে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক ও রয়েছে, ১৭ বছর বয়সী হামিদ্রেজা আজারি। যার মৃত্যুকে গত সপ্তাহে জাতিসংঘ “দুঃখজনক” বলে আখ্যা দিয়েছে।

ইরান হিউম্যান রাইটস দাবি জানিয়েছে যে, আজারিকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার পরে সাবজেভার কারাগারে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল, এবং রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে মিথ্যাভাবে আজারির বয়স ১৮ বলে জানিয়েছিল।

এছাড়া ২২ বছর বয়সী কুর্দি নারী মিলাদ জোহরেভান্দেরও মৃত্যুদন্ড কার্যকর করেছে ইরান। এই নারী মাহসা আমিনির মৃত্যুর পর গত বছর ইরান জুড়ে দেশব্যাপী শাসন বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছিলেন। জোহরেভান্ডের মৃত্যুদণ্ডেও নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

যদিও এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানোর অনুরোধে সাড়া দেয়নি ইরান সরকার, এবং দেশটিতে কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার সরকারী পরিসংখ্যান প্রকাশ করে না দেশটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে কমপক্ষে ৪১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এছাড়া ইরানের মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলতি বছরের শুরু থেকে ইরান সরকার কর্তৃক মোট মৃত্যুদণ্ডের সংখ্যা ৭০০ এরও বেশি ছাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত