বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) পর এবার দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ফলে বিকল্পধারার এই প্রধান দুই নেতা এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না।
মাহি এবার মুন্সিগঞ্জ-১ আসন থেকে এবং আবদুল মান্নান নোয়াখালী-৪ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন।
আজ রবিবার দুপুরে যাচাই-বাছাই শেষে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর উপজেলা) আসনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আবদুল মান্নানসহ ৪ জনের মনোনয়ন বাতিল করেন।
জানা গেছে, নোয়াখালী-৪ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন মোট ৯ প্রার্থী। এর মধ্যে আবদুল মান্নানসহ চারজনের মনোনয়ন বাতিল হয়। বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন, গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, জাসদের এস এম রহিম উল্যাহ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঋণখেলাপির অভিযোগে আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
তএ আসনে আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, জাকের পার্টির মো. সোহরাব উদ্দিন ও ইসলামী ফ্রন্টের মো. আবদুল আলীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
