১৫তম ওভারের শেষ বলে বেন ম্যাকডারমট যখন আউট হন, তখন হাতে ৫ উইকেট থাকা অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩০ বলে ৪৫ রান। ১৭তম ওভারে মুকেশ কুমারের জোড়া শিকারে টলে যায় ম্যাচ। ১৮তম ওভারে ওয়েডের তিন চারে আবার ম্যাচ নিজেদের হাতে নেয় অজিরা। ১২ বলে ১৭ রানের সমীকরণে মুকেশের ১৯তম ওভার থেকে আসে মাত্র ৭ রান। শেষ ওভারে ১০ রানের প্রয়োজন পূরণ করতে দেননি আর্শদীপ সিং। নিখুঁত বোলিংয়ে মাত্র ৩ রান দেন। রোমাঞ্চকর ম্যাচটি ভারত জেতে ৬ রানের ব্যবধানে।
ভারতের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে ম্যাকডারমট খেলেন ৩৬ বলে ৫৪ রানের ইনিংস। ট্রাভিস হেড ২৮, ওয়েড ২২, ডেভিড ১৭ রান করেন। মুকেশ ৩টি, বিষ্ণয় ও আর্শদীপ ২টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৫৪ রান তুলতে সমর্থ হয়।
এদিন বেঙ্গালুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ১৫ বলে ২১ রান করেন যশস্বী। এরপর ক্রিজে এসে শেষ ওভার পর্যন্ত খেলেন শ্রেয়াস। ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৩ রান করেন তিনি। এছাড়া অক্ষর প্যাটেল ২১ বলে ৩১ ও জিতেশ শর্মা ১৬ বলে ২৪ করেন। ৮ উইকেটে ১৬০ রান জড়ো হয় ভারতের।
জেসন বেহরেনডর্ফ ও বেন ডোয়ারশুইস দুটি করে উইকেট পান। অ্যালিস, সাঙ্ঘা ও হার্ডি পান একটি করে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
