শিক্ষামন্ত্রী বললেন

নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ংকর মিথ্যাচার চলছে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ এএম

নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ংকর মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘যা শিক্ষাক্রমের অংশ নয়, আমাদের প্রশিক্ষণেরও অংশ নয়, এমন ভিডিওসহ বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপকভাবে মিথ্যাচার করা হচ্ছে।’

গতকাল রবিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস উন্নয়নে বই (পাঠ্যপুস্তক নয়) বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দেশের ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ লাখ নির্বাচিত বই দিচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, অতীতের কোনো প্রশিক্ষণে (যা মাধ্যমিকের নয়) প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করতে নিজেরা নিজেরা বিনোদনের অংশ হিসেবে নিজেরা নিজেরা যে প্র্যাকটিস করেছে সেই রকম কিছু ভিডিও সামাজিক  যোগোযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে এইগুলো প্রশিক্ষণ। এমনকি নতুন ভিডিও তৈরি করেও ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ানক রকম অপপ্রচার চলছে এবং সেটি হচ্ছে ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থহানি হওয়ার ভয়ে। কিছু ব্যক্তি এবং গোষ্ঠী শিক্ষাক্রমের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। তার সঙ্গে এখন তো নির্বাচনের সময়। নির্বাচনের ক্ষেত্রে যারা রাজনৈতিক প্রতিপক্ষ থাকেন তাদের উসকানি যুক্ত হয়ে গেছে। অতিডান, অতিবামের উসকানিও যুক্ত হয়ে গেছে।

শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন থেকে বাচ্চা কত নম্বর পেল, জিপিএ ৫ পেল কি না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো কি না, অন্যের বাচ্চার চেয়ে আমার বাচ্চা বেশি নম্বর পেল কি না এ বিষয়গুলো নিয়ে অতিমাত্রায় ব্যস্ত ছিলেন বাবা-মায়েরা। সে জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা করার মানসিকতা তৈরিতে বর্তমান শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে। এ বিষয়গুলোর জন্য বাবা-মায়ের কিছু সংশয় তো কাজ করছেই। সেগুলোকে এই গোষ্ঠী (মিথ্যাচারকারী) কাজে লাগাচ্ছে। 

বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী এ কর্মসূচিকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ খালেদ রহীম, একই বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) আ ন ম আল ফিরোজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত