সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। রবিবার (৩ ডিসেম্বর) রাতে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাতে পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া নবগ্রাম এলাকায় পৌঁছলে মশাল নিয়ে পথ আটকায় অবরোধকারীরা। পরে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, আগুনে ভ্যানের সামনের কেবিন ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
