দুই দিনে ফেনীতে ২৮ গাড়ি ভাঙচুর-আগুন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পিএম

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফার অবরোধের দ্বিতীয় দিনে আজ ফেনীতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রিন টাওয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল রবিবার শহরের বিভিন্ন স্থানে ২৬টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

রবিবার শহরের ট্রাংক রোডের সেন্ট্রাল হাইস্কুলের সামনের সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। এ সময় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যানসহ ছয়টি ও পরে শহরের বাণিজ্যিক এলাকা ইসলামপুর সড়কসহ ভেতরের বাজারে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ছয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের গ্রিন টাওয়ার মার্কেটের সামনে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সড়কে যাত্রীর অপেক্ষায় থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় একটি অটোরিকশার চালক ইকবাল হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা তার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ইকবাল আহত হন। অপর অটোরিকশা চালক ভয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।

অটোরিকশাচালক ইকবাল হোসেন বলেন, ১২ থেকে ১৩ জন দুর্বৃত্ত দুটি অটোরিকশায় আগুন দিয়েছে। তাকেও আঘাত করেছে। তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন এসে আগুন নেভান।

খবর পেয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ততক্ষণে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। পরে তিনি অটোরিকশা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মিজানুর রহমান বলেন, অটোরিকশা দুটি আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় মামলা হবে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

এ সম্পর্কে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, তাদের মিছিল করার সময় যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে তাদের নেতা-কর্মীরা জড়িত নন। অন্য কেউ ভাঙচুর করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত