রিজভীর বিরুদ্ধে পরোয়ানা ৪৫ নেতার বিচার শুরু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ এএম

আট বছর আগে করা নাশকতার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং রিজভীসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

রুহুল কবির রিজভী এ মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে অভিযোগ গঠন করে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকবাল হোসেন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম অব্যাহতির আবেদন নাকচ করছেন বলে বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ছয় থেকে সাতজন যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর পরদিন এ মামলাটি করেন। একই থানার সাব-ইন্সপেক্টর কমল কৃষ্ণ সাহা মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার :

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। এ মামলায় কারাগারে থাকা মির্জা ফখরুলের জামিনের আবেদন অধস্তন আদালতে দুই বার নামঞ্জুর হওয়ার পর গত রবিবার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন করেন। গতকাল সোমবার মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করলে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করে।

নবীসহ খালাস ৩৮, একজনের কারাদণ্ড : ১০ বছর আগে রাজধানীর মুগদা থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৩৮ জন খালাস পেয়েছেন। জহিরুল ইসলাম নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। খালাস পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, আল মামুন পান্না, শামিম, মোহাম্মদ আলী, মো. আব্দুল খালেক, সোহেল, তানভীর, ইমদাদুল হক। ২০১৩ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত