চিত্রনায়ক ফেরদৌসকে এখনো তার মা সরকারি চাকরি করতে বলেন। জবাবে নায়ক তার মাকে জানান, তার অনেক বয়স হয়েছে, এখন আর সরকারি চাকরি হবে না। অথচ অভিনয় করেই ফেরদৌস পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
রাজধানীর কলাবাগান স্টাফ কোয়াটারে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে এমনটাই জানালেন চিত্রনায়ক ফেরদৌস। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ফেরদৌস বলেন, শিল্পীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগাধ ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার উপহার হিসেবে আমার হাতে প্রধানমন্ত্রী এমন এক উপহার দিয়েছেন, যার ভার আপনারা পাশে না থাকলে আমি সামলাতে পারব না। আমাকে ঢাকা-১০ আসনের কান্ডারি হিসেবে দিয়েছেন তিনি।
অঙ্গীকার ব্যক্ত করে ফেরদৌস বলেন, আমি অঙ্গিকার করছি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব যেন তার সেই বিশ্বাস অটুট রাখতে পারি। আমরা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাব, এটাই হবে আমাদের বড় অঙ্গীকার। প্রধানমন্ত্রী শুধু আমার হাতেই নৌকা তুলে দেননি। সামনে যেসব নেতাকর্মী রয়েছেন, তাদের সবার হাতেই সেই নৌকা তুলে দিয়েছেন তিনি।
ব্যক্তিজীবনের প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হয়। সেটা করতে পারি। জীবনেও আমি ভাবিনি সিনেমায় আসব, নায়ক হবো। এখনো আমার মা বলেন, অভিনয় অনেক হয়েছে এবার একটা সরকারি চাকরি কর। আমি তখন মাকে বলি, আমার অনেক বয়স হয়েছে, সরকারি চাকরি হবে না। এমন একটা পারিবারিক আবহ থেকে সিনেমায় এসেছি আমি। আমার আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম আজকের এই জায়গায় নিয়ে এসেছে আমায়।
