সরকার বল প্রয়োগ করছেন: আ স ম রব

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ পিএম

দেশে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার শুধু বল প্রয়োগের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতির বাসভবনে দলের স্থায়ী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চূড়ান্ত বিজয় অর্জনের জন্য চলমান একদফার যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে জেএসডি সভাপতি বলেন, ‘সরকারের পদত্যাগ ও নিপীড়নমূলক ঔপনিবেশিক শাসনব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফার ভিত্তিতে নতুন গণশক্তির যুগপৎ আন্দোলন গড়ে উঠেছে। 

এই যুগপৎ আন্দোলনসহ দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকারে ৬৩ দলের আন্দোলনে সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা একতরফা নির্বাচনে আবদ্ধ হয়ে পড়েছে।’ 

তিনি বলেন, ‘জনগণের অংশগ্রহণবিহীন নির্বাচন বয়কট করে বিরোধীদলের চলমান আন্দোলন-সংগ্রামে দেশবাসীর অভূতপূর্ব নৈতিক সমর্থনে দেশ প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। অতীতেও যুগপৎ আন্দোলনে বাংলাদেশে সরকারের পরিবর্তন এবং জনগণের বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করতে হবে।’

সভায় বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, মোহাম্মদ সিরাজ মিয়া এবং কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত