সচিবের ছেলে পরিচয়ে মাদক ও নারী সাপ্লাই, গ্রেপ্তার ৬

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম

রাজধানীর বিভিন্ন বাসা-বাড়িতে নারী ও ইয়াবা সাপ্লাইয়ে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- সৌরভ ইসলাম, তাসনিয়া বেলা, চৈতি, সামিনা আলম নীলা, সাকিব আহম্মেদ ও মানসিব হায়াত। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে গুলশান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, ডিবি মতিঝিল বিভাগ গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। তারা ঢাকায় অনেকদিন ধরেই নারী সাপ্লাই দিয়ে আসছিল। নারীর সঙ্গে তারা ইয়াবাও সাপ্লাই দিত। এছাড়া ঢাকায় ভুয়া পরিচয়ে বাসা ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গ্রেপ্তার চৈতি ও সাকিব স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাগুলো মেনটেইন করত। কাউকে সেসব বাসায় নিলে আত্মীয় পরিচয়ে নিয়ে যেতো।

ডিবি প্রধান বলেন, নীলা অভিজাত হোটেল ও বাসা-বাড়িতে প্রায় ছয় হাজারের মতো নারী সাপ্লাই দিয়েছে। সে বিভিন্ন নারীদের ছবি দেখাত, তারপর চাহিদা অনুযায়ী সরবরাহ করত। আর গ্রেপ্তার সাকিব অভিজাত এলাকায় চলাচল করতেন, নিজেকে সচিবের ছেলে পরিচয় দিতেন। তার গাড়িতে পতাকা ছিল, সাথে বডিগার্ডও থাকত। কিন্তু আদতে আমরা খোঁজ নিয়ে জেনেছি তার বাবা লেখাপড়াই জানেন না।

সাকিব সোনালি নামে একটা মেয়ের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা নিয়েছেন। নারী-ইয়াবা সাপ্লাইয়ের পাশাপাশি সাকিব সচিবের ছেলে পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত