রাজধানীর মিরপুর পল্লবীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ শ্যুটার আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (৩১ ফেব্রুয়ারি) রাতে পল্লবীর তালতলা বস্তি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি এ কে এম আলমগীর জাহান জানান, নির্বাচনকে ঘিরে সহিংসতার উদ্দেশ্যে তালতলা বস্তিতে শ্যুটার আলাল আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরের ওয়ারড্রপ থেকে একটি বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আলালের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পল্লবী থানায় পুলিশের ওপর হামলা ঘটনায়য় একটি, ডাকাতির প্রস্তুতি, মারামারি ও ২টি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া তার সঙ্গে আন্ডার ওয়ার্ল্ডের যোগসূত্র রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি জানান, গ্রেপ্তার শ্যুটার আলালকে শনিবার রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। পরে আদালত রিমান্ড শুনানির দিনধার্য করে আসামিকে কারাগারে পাঠান।
