নিজ এলাকার ইউপি চেয়ারম্যানকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুমকি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকার এক ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ। রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, অভিযোগটি আমি দেখব এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন। অন্যদিকে, ভুক্তভোগী রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক এমপি রাহেনুল হকের পক্ষে কাজ করছেন। দীর্ঘদিন ধরেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দুরত্ব রয়েছে মেরাজের। 

লিখিত অভিযোগে মেরাজুল ইসলাম বলেছেন, গত ২ ডিসেম্বর চারঘাটে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শাহরিয়ার আলম জনসম্মুখে তাকে ‘কুলাঙ্গার’ বলে অপবাদ দেন। পাশাপাশি তিনি ১৭ তারিখের পর তাকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিমন্ত্রীর যে বক্তব্য নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে তার একটি ভিডিও সংযুক্ত করেছেন মেরাজুল ইসলাম। এতে প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘১৯৯৬ থেকে ২০০১, আমাদের অনেকের চরিত্র হনন করা হয়েছে। নেতারা বিভ্রান্ত করেছেন বলেই কর্মীদের চরিত্র হনন হয়েছে। কারণ, কর্মীরা তো সবকিছু বোঝেন না, জানেন না, জ্ঞান নেই। কর্মীরা ২০২৩ সালে এসেও অনেক কিছু জানেন না বলে ওই মেরাজের মতো একটা কুলাঙ্গার একটা অপব্যাখ্যা দিয়ে সুস্থ শরীরে চলে যেতে পারে। আমি বেশি কথা বলতে চাই না। ১৭ তারিখ পর্যন্ত কন্ট্রোল। ১৭ তারিখ পর্যন্ত নিয়ন্ত্রণ। ১৭ এর পরে যাত্রা হবে নিয়ন্ত্রণহীন।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত