সাংবাদিকদের আইনমন্ত্রী

টাইপিংয়ে ত্রুটি ছিল শ্রম আইনের সংশোধনীতে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ বসলে শ্রম আইনের ত্রুটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘শ্রম আইন সংশোধনী টাইপিংয়ে এমন ত্রুটি ছিল যে, এতে শ্রমিকদের অধিকার ক্ষুন্ন হবে। রাষ্ট্রপতি আইনটিতে স্বাক্ষর না করে ফেরত পাঠিয়েছেন। শ্রমিকদের অধিকারের প্রতি সরকারের সদিচ্ছার প্রতিফলন হিসেবেই এমনটি হয়েছে।’

গতকাল বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আনিসুল হক দাবি করেন, শ্রম আইনে ত্রুটির বিষয়টি সরকারই ধরতে পেরেছিল এবং বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এ কারণে রাষ্ট্রপতি আইনটিতে স্বাক্ষর করেননি।

তিনি বলেন, ‘যেহেতু এটি সংসদে পাস হয়ে গেছে এবং এই জায়গাটুকু সংশোধন করতে হবে। এই সংশোধনের জন্য আইনটি আবার সংসদে পাঠাতে হবে। এর মানে হচ্ছে, যেহেতু এখন তফসিল ঘোষণা হয়ে গেছে এবং বর্তমান  সংসদে আর অধিবেশন হবে না, সেহেতু নির্বাচনের পর যে নতুন সংসদ বসবে, সেখানে এটা উপস্থাপন করা হবে এবং ভুল সংশোধন করে শ্রমিকদের অধিকার সুরক্ষা করা হবে।’

আইনমন্ত্রী বলেন, আইনটিতে মালিকদের কিছু আচরণের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। কোনো মালিক বেআইনি লকআউট করলে তিনি ছয় মাস পর্যন্ত কারাদন্ড- অথবা ২০ হাজার টাকা পর্যন্ত অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। এই সাজাটা ছিল পাঁচ হাজার টাকা, কিন্তু এটা ২০ হাজার টাকা করেছি। এখানেই ত্রুটি হয়ে গেছে। এটি যখন শ্রম মন্ত্রণালয় ধরতে পেরেছে, তখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এটিকে ফেরত দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত