রাশিয়ায় সাবেক এমপিকে হত্যা করল ইউক্রেনীয় গোয়েন্দারা

  • ইলিয়া কিভা রাশিয়াপন্থি ছিলেন এবং ইউক্রেন তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করেছিল।
  • হত্যাকাণ্ডে ইউক্রেনের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইউসভ।
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

রাশিয়ায় রাজধানী মস্কোর এক পার্কে গুলি করে হত্যা করা হয়েছে বিশ্বাসঘাতক হিসাবে বিবেচিত ইউক্রেনের সাবেক এমপি ইলিয়া কিভাকে। সাবেক এই এমপি রাশিয়াপন্থি ছিলেন এবং ইউক্রেন তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করেছিল।

এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার ও করেছে ইউক্রেন। পৃথক পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি ও দ্যা গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পার্লামেন্টের সাবেক রুশপন্থি সদস্য ইলিয়া কিভাকে মস্কোর কাছে একটি পার্কে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ান তদন্তকারীরা জানিয়েছে যে, কিভাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং মস্কোর অভিজাত শহর ওডিনসোভোর একটি পার্কে তার মৃতদেহ পাওয়া গেছে।

ইলিয়া কিভা ইউক্রেনে রাশিয়া আক্রমণের আগে পার্লামেন্টের একজন রাশিয়ানপন্থী সদস্য ছিলেন, কিন্তু যুদ্ধ শুরুর এক মাস আগে তিনি রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। তিনি প্রায়শই অনলাইনে এবং রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সমালোচনা করতেন।

নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে ইউক্রেনীয় সরকারের প্রধান গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এসবিইউ এই হত্যার জন্য দায়ী। এছাড়া ইউক্রেনের বেশ কয়েকটি গনমাধ্যমও তাদের সূত্রের বরাতে সাবেক এই এমপিকে এসবিইউ হত্যা করেছে বলে জানিয়েছে।

এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই হত্যাকাণ্ডে ইউক্রেনের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইউসভ।

সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা নিশ্চিত করছি যে কিভা আর নেই। ইউক্রেনের অন্যান্য বিশ্বাসঘাতক এবং পুতিনের হাতের পুতুল যারা তাদেরও একই এই পরিণতি হবে।

ইউসভ সাবেক এমপি কিভাকে "বড় বদমাশ, বিশ্বাসঘাতক এবং শত্রুদের সহযোগীদের একজন" বলে অভিহিত করে বলেন যে, ‘তার মৃত্যু ছিল ন্যায়বিচার।’

ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার অভিযোগে গত বছর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন ইলিয়া কিভা। তাকে রাষ্ট্রদ্রোহ এবং সহিংসতায় প্ররোচনার অভিযোগে ইউক্রেনের একটি আদালত তার অনুপস্থিতিতেই ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।

দ্যা গার্ডিয়ান বলছে যে, এই হত্যাকাণ্ড থেকে বোঝা যায় যে রাশিয়ার অভ্যন্তরেও কিয়েভের গোয়েন্দা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এর আগেও একজন জাতীয়তাবাদী রুশ মতাদর্শীর কন্যা দারিয়া ডুগিনার হত্যা এবং সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণে নিহত এক রাশিয়ান সামরিক ব্লগারের মৃত্যুর জন্য ইউক্রেনীয় গোয়েন্দাদের দিকে আঙুল তুলেছিল রাশিয়া।

অন্যদিকে বুধবার একটি পৃথক হামলায়, অধিকৃত ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলে রুশ সমর্থিত এক রাজনীতিবিদ ওলেগ পপভ, গাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত