সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সাবাজারে ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার (০৬ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ২৬ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় ১০, ফরিদপুরে ১৭, রাজশাহীতে ৭, ঈশ্বরদীতে ৯, চুয়াডাঙ্গায় ১৩, কুমারখালীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
