ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের তিনজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) রাত একটার দিকে হলের গেস্টরুমের পাশের মোটরসাইকেল স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তিন শিক্ষার্থী হলেন— বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ পাভেল, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনমি রহমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং জহুরুল হক হলের শিক্ষার্থী।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন নূর উদ্দিন আহমেদ এবং আব্দুল্লাহ আল মুনতাসীর শুভ। নূর উদ্দিন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক এবং হল ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা। মুনতাসীর শুভ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং হলের বর্তমান পদ প্রত্যাশী নেতা।
জানা যায়, দীর্ঘদিন ধরে হলে নিয়মিত প্রোগ্রাম গেস্টরুম করে আসলেও তাদের সাথে খারাপ ব্যবহার করেন নূর উদ্দিন ও মুনতাসীর শুভ। টানা দুই বছরের অধিক সময় তাদের সাথে নিয়মিত বাধ্যতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করলেও তাদেরকে অবজ্ঞা করে আসছেন তারা। এ নিয়ে নিয়মিত গেস্টরুমে তাদের গালাগালি করেন এবং রুম থেকে বের করে দেওয়ার হুমকি দেন। তাছাড়া মাঝেমধ্যে তাদেরকে ভিন্ন মতাদর্শের বলে গালিগালাজ করে হল থেকে বের হয়ে যেতে বলেন।
সর্বশেষ গত সোমবার রাত ১২ টার পরে তাদের গেস্টরুম থেকে বের করে দিয়ে জুনিয়রদের সাথে কথা বলেন নূর উদ্দিন ও মুনতাসীর শুভ। পরবর্তীতে গতকাল রাত ১টার দিকে নুর উদ্দিন পাভেল ও খালেদ সাইফুল্লাহ, অনমি রহমানকে হল রিসিপশন থেকে বাইক স্টেন্ডের দিকে ডেকে নিয়ে পাভেলকে অকারণে গালিগালাজ করে চড়-থাপ্পড় দেওয়া শুরু করে। এসময় খালেদ সাইফুল্লাহ ও অনমী তাদেরকে আটকাতে গেলে তারাও আক্রোশের শিকার হন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ পাভেল বলেন, রাত আনুমানিক ১টার দিকে আমাদের ব্যাচমেট সাইফুল্লাহ, জুনায়েদ, অনমি নাভিদসহ সবাইকে হলের বাইক স্ট্যান্ডে নিয়ে আসে। এরপর আমাদের অহেতুক হয়রানি এবং বেপরোয়া গালিগালাজ শুরু করে। এসময় হঠাৎ করে নুর উদ্দিন আমার গায়ে হাত তুলে। আমাকে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারতে থাকে। এসময় আমাকে বাঁচাতে আসলে খালেদ সাইফুল্লাহ ও অনমিও বেধড়ক মারের শিকার হয়।
খালেদ সাইফুল্লাহ বলেন, সোমবার রাতে নুরুদ্দীন আমাদেরকে আমাদের বৈধ সিট থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা রুমের সবাই মিলে সেটার প্রতিবাদ করি।তার জের ধরে গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমাদের রুম থেকে তিনজনকে ডেকে এনে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে।একপর্যায়ে আমাদের নিরব ভূমিকা দেখে নুরুদ্দীন এবং মুনতাসীর শুভ বেধড়ক মার শুরু করে।
এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন বলেন, এটা মিথ্যা ও বানোয়াট কথা। আমরা তাদের কাউকে মারিনি বা গায়ে হাত তুলিনি। তারা ইমিডিয়েট সিনিয়রদের সাথে বেয়াদবি করেছিলো, এজন্য তাদেরকে একটু ধমক দেওয়া হয়েছে এর বেশি কিছু না।
এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমাদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
সার্বিক বিষয়ে হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. মো আব্দুর রহিম বলেন, আমি বিষয়টি শুনেছি। গতকালে ঘটনা তারা আমাকে একটু আগেই জানিয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নেব।
