দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসন্ন আসরের ড্র হয়ে গেছে আজ। যেখানে কঠিন গ্রুপে পড়েছে কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনা। গত আসরের রানার্স আপ ব্রাজিলের গ্রুপও কম শক্তিশালী নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে জাকজমক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানা গেল ২০২৪ কোপার রূপরেখা। কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল খেলবে এবারের আসরে। সব মিলিয়ে টুর্নামেন্টটি হবে ১৬ দলের।
‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে পেরু ও চিলি। গ্রুপের অপর দল হবে কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে যেকোনো একটি। ২০১৫ সালের কোপা আমেরিকা এবং ২০১৬ সালে শতবর্ষ কোপার আসরে চিলির কাছেই ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বেই পুরাতন প্রতিপক্ষকে পাচ্ছে তারা।
ব্রাজিল আছে গ্রুপ ‘ডি’-তে। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। সঙ্গে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল। আগামী মার্চে চূড়ান্ত হবে কোন দল।
দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ১০ সদস্যের সঙ্গে যুক্ত হয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাকাফ) ৬ দল। ড্রয়ে দলগুলোকে এমনভাবে ভাগ করা হয়েছে, যাতে একটি গ্রুপে চার দলই কনমেবলের না হয়, আর কনকাকাফের ৩ দল না হয়।
৪৮তম কোপা আমেরিকার এই আসরের পর্দা উঠবে আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচ দিয়ে। ২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। এ ছাড়া ফাইনাল হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, আগামী ১৪ জুলাই।
একনজরে কোপা আমেরিকা -২০২৪ এর গ্রুপ:
গ্রুপ এ - আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
গ্রুপ বি - মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা।
গ্রুপ সি - যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
গ্রুপ ডি - ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস।
