বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উত্তরবঙ্গের প্রথম গরুর মেলা। গতকাল শুক্রবার সকালে জেলা সদরের নওদাপাড়া টিএমএসএস বিনোদন জগতে উত্তরবঙ্গ গরু মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মেলায় গোল র্যাম্পে গরুর মালিকরা তাদের গরু প্রদর্শন করেন। প্রায় শতাধিক গরুকে এ সময় মিউজিকের তালে তালে হাঁটানো হয়। গোল র্যাম্পের চারপাশে গরুর হাঁটাহাঁটি দেখতে শত শত দর্শনার্থী ভিড় জমান। গরুর মালিকরা তাদের গরু প্রদর্শন করেন এবং দাম ঘোষণা করেন। অনেকে গরু দামাদামি করেন। এর মধ্যে বগুড়ার আরকে অ্যাগ্রো ফার্মের গরু আমেরিকান ব্রাহমার দাম ৫০ লাখ টাকা ঘোষণা করেন তার মালিক রাহাত খান।
অন্যদিকে পাবনা থেকে আসা বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মের মালিক পাভেল মিয়া তার জোড়া বড় শিংওয়ালা রাজস্থানী কাঙ্খারাজের দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা।
নওগাঁ থেকে আসা এএস ফার্মের পরিচালক নয়ন এনেছেন রয়েল ব্রিডের কুকুর। এগুলো মূলত রাত জেগে পাহারার কাজে নিযুক্ত থাকে। এ কুকুরগুলো আইনশৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াডে ব্যবহার হয়ে থাকে। কুকুরগুলোর দাম প্রায় ২ লাখ টাকা জোড়া।
মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘এবারের মেলায় ২১৬টি স্টলে প্রায় পাঁচ শতাধিক গরু এনেছেন খামারিরা। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গরুর র্যাম্প শো। শুধু গরু নয় এ মেলায় শৌখিন খামারিরা তাদের পোষা অন্যান্য প্রাণীও প্রদর্শন করছেন। শনিবার রাতে বিভিন্ন ক্যাটাগরিতে মেলায় ৭৫টি পুরস্কার প্রদান করা হবে।’
প্রধান অতিথি রাগেবুল আহসান রিপু এমপি বলেন, ‘আমি নিজে একজন খামারি। একবার রোগে খামারের প্রায় ২০ হাজার মুরগি মরে যায়। তবে পরে মাছ চাষে খুব ভালো লাভ হয়েছিল। সরকার খামারিদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। যাতে করে ভালো খামারি গড়ে ওঠে। এ দেশে মাংস ও দুধের চাহিদা মেটাতে যেন বিদেশ থেকে আমদানি করতে না হয়।’
উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ বলেন, ‘সরকারিভাবে কাজ করা হচ্ছে, যাতে মাছের মতো মাংসে ও দুগ্ধজাতীয় খাবার উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। খামারিদের জন্য কীভাবে বিদেশি গরু-ছাগলের ব্রিড সহজলভ্য করা যায় সে চেষ্টা করা হচ্ছে।’
