নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভায় ‘নৌকাওয়ালারা পালানোর জন্য জায়গা পাবে না’ বলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন গত বৃহস্পতিবার রাতে এ নোটিস দেন। সিরাজুল ইসলাম মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক। নোটিস পাওয়ার দুই দিনের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। গত বুধবার মাধবদী পৌরসভা মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা হয়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর লোকজনকে উদ্দেশ্য করে সিরাজুল বলেন, ‘আপনারা যখন জানবেন মাধবদীর মেয়র মোশারফ হোসেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের জন্য নামছেন, তখন কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। কাল থেকে নৌকাওয়ালারা পলাইবার জন্য জায়গা পাবে না।’
×
