অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে লড়ার মতো সংগ্রহ গড়েছে বাংলাদেশ। আশিকুর রহমান শিবলির ফিফটির সঙ্গে বাকিদের টুকটাক অবদানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২২৮ রান করেছে তারা।
দুবাইয়ে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ৩ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন শিবলি। তার ১০২ বলের ইনিংসে ১ ছক্কার সঙ্গে চার ৩টি। আরেক ওপেনার জিশান আলম ৫ চারে করেন ৪২ রান।
ব্যাটিংয়ে নেমে এই দুজনের জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। তাদের ১০৪ বল স্থায়ী যুগল থেকে রান আসে ৭৪। যেখানে অগ্রণী ছিলেন জিশান। ১৮তম ওভারে তার বিদায়ে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি।
এরপর মোহাম্মদ রিজওয়ান (১২) ও আরিফুল ইসলামের (২২) সঙ্গে ছোট, তবে কার্যকর জুটি গড়েন শিবলি। ৭৮ বলে ফিফটি করা শিবলি ড্রেসিং রুমে ফেরেন ৪০তম ওভারে। তখন দলের রান ছিল ১৭০।
৫ উইকেট হাতে নিয়ে শেষ ১০ ওভারে খুব বেশি রান করতে পারেনি বাংলাদেশ। এই সময়ে ৫৫ রান যোগ হয়েছে দলের স্কোরবোর্ডে।
চোখধাঁধানো বোলিং করেন আমিরাতের ধ্রুভ পরাশার। ৪৪ রান দিয়ে ৬ উইকেট নেন এই বোলার।
