সিলেট টেস্টে দারুণ জয়ের পর বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুযোগ ছিল। তবে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়ে পেয়েছে জয়। তাতে সমতায় সিরিজ শেষ হয়েছে। টাইগাররা দারুণ এক সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তারা শিখবেন।
ম্যাচ শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে এই শেখার কথা জানান। তবে বোলারদের কৃতিত্ব দিতে ভুলেননি। তারা যে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটাও মনে করিয়ে দেন।
শান্ত বলেছেন, ‘বোলাররা দারুণ খেলেছে। চার বোলারই ভালো বোলিং করেছে। মাঠেও সবাই ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে একটা সুযোগ ছিল, কিন্তু পারিনি। আশা করি আমরা এই ম্যাচ থেকে শিখব।’
টেস্ট সিরিজ শেষ হতেই এবার প্রস্তুতি নিউজিল্যান্ড সফরের। এই মাসেই উড়াল দেবে দল। সেটার জন্য তৈরি জানিয়ে শান্ত বলেছেন, ‘খেলোয়াড়রা প্রস্তুত, ওয়ানডে খেলোয়াড়রা অনুশীলন করছে এবং আমি আশা করি তারা ভালো ক্রিকেট খেলবে।’
দুই ইনিংসে ভালো অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন গ্লেন ফিলিপস। আর ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা তাইজুল ইসলাম।
