টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত কেবল দুটি ম্যাচই 'টাই' হয়েছে। যার প্রথমটি ছিল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে। ওই ম্যাচে জো সলোমনের দুর্দান্ত ফিল্ডিংয়েই প্রথম 'টাই' ম্যাচ দেখে টেস্ট ক্রিকেট, রচিত হয় ইতিহাস। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যানকে সরাসরি থ্রোয়ে রান আউট করে নায়ক বনে গিয়েছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
ক্রিকেট ক্যারিয়ারকে তো অনেক আগেই বিদায় বলে দিয়েছিলেন সলোমন। এবার জীবনের ইনিংসেরও ইতি হয়ে গেল তার। আজ সকালে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ানা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।
১৯৬০ সালের ডিসেম্বরে ব্রিজবেনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক টেস্ট ম্যাচটি। সে ম্যাচে হারতে হারতে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ টাই পেছনে বড় অবদান ছিল সলোমনের।
গ্যাবায় ৮ বলে ওভারের সেই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার, হাতে ৩ উইকেট। অস্ট্রেলিয়া অধিনায়ক রিচি বেনো এবং ওয়ালি গ্রাউট দ্রুত আউট হয়ে গেলে ম্যাচে ছড়ায় রোমাঞ্চ। শেষ ২ বলে প্রয়োজন তখন ১ রান
অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান লিন্ডসে ক্লাইন স্কয়ার লেগে বল ঠেলে ১ রান নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু চমৎকার ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে অন্য প্রান্তে থাকা ইয়ান মেকিফকে রান আউট করে দেন সলোমন। তাতেই রচিত হয়ে যায় ইতিহাস। ঐতিহাসিক ঘটনায় চিরস্মরণীয় হয়ে যান জো সলোমনও।
সেই টাই টেস্টে ব্যাট হাতেও ভালো ভূমিকা ছিল সলোমনের। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ছয়ে নেমে করেছিলেন তিনি ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে একই পজিশনে নেমে করেন ৪৭ রান। তবে সেবারের সফরে মেলবোর্নে পরের টেস্টে মজার এক ঘটনার জন্মও দিয়েছিলেন সলোমন। তার মাথার টুপিটা দুর্ঘটনাক্রমে স্টাম্পের ওপর পড়ে যাওয়া হিট উইকেট আউট হয়েছিলেন তিনি!
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৫৮ থেকে ১৯৬৫ সালের মধ্যে ২৭ টেস্ট খেলেছেন সলোমন। ৩৪ গড়ে করেছেন ১৩২৬ রান, সেঞ্চুরি একটি ও ফিফটি ৯টি। ১০৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪১.৫৪ গড়ে ৫৩১৮ রান করেন তিনি। ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটি আছে তার নামের পাশে।
