মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বড় লিডের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু গ্লেন ফিলিপসের বিধ্বংসী এক ইনিংস গড়মিল করে দেয় সব হিসাব। উল্টো ৮ রানের লিড নেয় নিউজিল্যান্ড। কিউইদের জয়ের নায়ক ফিলিপস মনে করেছেন, প্রথম ইনিংসে ওই অল্প কিছু রানে এগিয়ে থাকাই গড়ে দিয়েছিল বড় পার্থক্য।
মিরপুরে গতকাল বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে নিউজিল্যান্ড। ব্যাটিং দুরূহ উইকেটে প্রথম ইনিংসে ৭২ বলে ৮৭ রান করেন ফিলিপস। ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় ৪০ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে!
প্রথম ইনিংসে ১৭২ রান করা বাংলাদেশ বেশ ভালোভাবেই চেপে ধরেছিল সফরকারীদের। ৪৬ রানে তুলে নিয়েছিল ৫ উইকেট। এরপর ক্রিজে যান ফিলিপস। শুরুতে কিছুটা রয়েসয়ে খেলার পর তোলেন ঝড়। ফিফটি করেন স্রেফ ৩৮ বলে। কাইল জেমিসনকে নিয়ে অষ্টম উইকেটে জুটি গড়েন ৫৫ রানের। ফিলিপসের ঝড় থামার পর কিউইদের ইনিংসও থেমে যায়, ১৮০ রানে।
দ্বিতীয়ভাগে বাংলাদেশকে ১৪৪ রানে গুঁড়িয়ে দেয় নিউজিল্যান্ড। তবে ছোট লক্ষ্য তাড়ায় চাপে পড়ে যায় তারা। ৬৯ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে দলকে জিতিয়ে ফেরেন ফিলিপস। দুইজনে গড়েন অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি। ৩৯ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন স্যান্টনার।
স্যান্টনারের প্রশংসা করার পাশাপাশি ফিলিপস বলেন, 'টস জেতা বাংলাদেশের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ইনিংসে এগিয়ে যাওয়া আমাদের জন্য ছিল আশীর্বাদ। ওই ৮ রান অনেক পার্থক্য গড়ে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় এটা আত্মবিশ্বাস যোগায়। নতুন বলে বাংলাদেশের বোলাররা খুবই ভালো করেছে। কিন্তু বল স্কিড করে ঢুকছিল, কিছু স্পিন করছিল। আমাদের ব্যাটসম্যানদের কঠিন ছিল ব্যাটিং করা। বল পুরনো হতে হতে ধারণা করা যাচ্ছিল। যা আমাদের জন্য রান করে সুযোগ করে দিয়েছিল।'
এবার নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
