ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) ও আরব লীগ বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন-বিশেষজ্ঞ দল। তবে যুক্তরাষ্ট্র এখনো নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি নিশ্চিত করেনি।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান। মুখপাত্র বলেন, ‘ভারত থেকে তিনজন, ফিলিস্তিন থেকে ছয়জন (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে)। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। এ ছাড়া ওআইসি ও আরব লীগের কতজন আসবে সেই তথ্যটা এখন আমার কাছে নেই।’
যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না, এ প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।
সেহেলী সাবরীন আরও বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণে এরই মধ্যে ইইউর ইলেকশন এক্সপার্ট মিশন এসেছে। তারা ২১ জানুয়ারি পর্যন্ত থাকবে। যেসব দেশের নাম বলা হয়েছে, তারা ছাড়াও আরও কিছু আবেদন আছে; সেই আবেদনগুলো আমরা পেলে পরে সেগুলো বিবেচনা করে যখনই যেটা আপডেট হবে আপনাদের জানাব।’
এর আগে লিখিত বক্তব্যে মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশে সফররত ইইউর চার সদস্যের ইলেকশন এক্সপার্ট মিশন গত ৩০ নভেম্বর অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলটি গত ৩ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।
