জরাজীর্ণ দুটি নৌকায় করে প্রায় ৪০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছে। প্রাদেশিক একটি জেলে সম্প্রদায়ের প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সামরিক কর্মকর্তা অ্যান্ডি সুশান্ত একটি নৌকা তাদের উপকূলে পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন। বিবিসি বলছে, ইন্দোনেশিয়ায় সম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদের ঢেউ বাড়তে থাকার মধ্যে সেখানে রবিবার এই দুই নৌকা ভর্তি আরও রোহিঙ্গা পৌঁছাল।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর হিসাবমতে, গত নভেম্বর মাস থেকে ইন্দোনেশিয়া উপকূলে পৌঁছেছে মিয়ানমারে নির্যাতনের শিকার ১ হাজার ২০০ রোহিঙ্গা। ইন্দোনেশিয়ার প্রাদেশিক জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাহ কাট আদে বিবিসিকে বলেন, রবিবার সকালে দুটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছায়। এর একটি পিডি এবং আরেকটি আচেহ বেসার জেলায় পৌঁছেছে। এক একটি নৌকায় আনুমানিক ২০০ করে রোহিঙ্গা আছে বলে জানান তিনি। স্থানীয় সামরিক কর্মকর্তা অ্যান্ডি সুশান্ত বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রায় ১৮০ রোহিঙ্গা বহনকারী একটি নৌকা পিডিতে পৌঁছায়। কর্মকর্তারা মাঠে তথ্য সংগ্রহে সমন্বিতভাবে কাজ করছেন। দ্বিতীয় নৌকাটি পৌঁছানোর বিষয়েও সামরিক বাহিনী অবগত বলে নিশ্চিত করেন সুসান্ত। তবে সেটি কোন জায়গায় পৌঁছেছে, কিংবা নৌকাটিতে কতজন রোহিঙ্গা আছেন, সে সম্পর্কে তাদের কাছে তথ্য নেই বলে জানান তিনি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গত শুক্রবার এক বিবৃতিতে সম্প্রতি এসব নৌকার আগমন বেড়ে যাওয়ার পেছনে মানবপাচারের বিষয়টি জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন।
