মন্ত্রীর বাসায় টাকা বিতরণের ভিডিও প্রকাশ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের বাসভবনে ভুরিভোজ করিয়ে টাকা বিতরণ করা হচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তবে এই ভিডিও পুরনো বলে দাবি করেন গোলাম দস্তগীর গাজীর সমর্থক ও ভিডিওতে টাকা বিতরণকারী আনসার আলী।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই ভিডিও তুলে ধরেন তৈমূর।

তৈমুর অভিযোগ করে বলেন, সরকারদলীয় প্রার্থী গোলাম দস্তুগীর গাজীর গণবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তার নির্বাচনী অবস্থা দুর্বল দেখে তিনি এখন টাকার বিনিময়ে ভোট কিনছেন। সে কারণে গাজীর নিজ বাসভবনে শুক্রবার ভুরিভোজ শেষে গাজী সমর্থক ও বর্তমান জেলা পরিষদের সদস্য আনসার আলী যিনি প্রকাশ্যে এই টাকা বিতরণ করছেন। যা কিনা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন‌ তি‌নি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলে জানান।

এসময় অ্যাডভোকেট তৈমূর প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার কমিটমেন্ট নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ হবে, ভোটার, প্রার্থী এবং ভোটকেন্দ্র নিরাপদ থাকবে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যদি এর ব্যতায় ঘটে তবে সাধারণ মানুষ এবং প্রার্থীরা এই নির্বাচন থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন দেখা যাবে শুধু নৌকার প্রার্থীরাই থাকবে অন্য কোনো প্রার্থীরা মাঠে নাই। সেজন্য প্রধানমন্ত্রী এ বিষয়গুলো গুরুত্বের সাথে যদি না দেখেন, সিচুয়েশন যদি একবার খারাপের দিকে যায় তাহলে তার নিয়ন্ত্রণ করার খুব কঠিন হবে।

এদিকে তৈমুর আলম খন্দকারের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ভিডিওতে টাকা বিতরণকারী জেলা পরিষদের সদস্য আনসার আলী। তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন ছিল সেদিন বৃহস্পতিবার হওয়ায় পরে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে মন্ত্রী গোলাম দস্তগীর রূপসীর বাসভবনে সর্বস্তরের জনগণকে খাওয়ানো হয় এবং যাতায়াত বাবদ তাদের ১০০ করে টাকা দেওয়া হয়। এখন ওই ভিডিও ছড়িয়ে দিয়ে একটি মহল ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত