রাজশাহীতে মনিরুল ইসলাম (৫২) নামে এক কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ছিলেন। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক আইনের একটি মামলায় গত ৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন মনির। সোমবার সকালে অসুস্থ বোধ করলে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বেলা ১১টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, মনিরুলকে বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়েছিল।
তবে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মামুন দাবি করেছেন, মনিরুলের মৃত্যু স্বাভাবিক নয়। তিনি এ ঘটনায় যথাযথ তদন্ত চেয়েছেন।
