নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩১ জনের সাজা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০১ এএম

পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার পৃথক তিন মামলায় বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের ৩১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই বিএনপির নেতা ও কর্মী। গতকাল সোমবার ঢাকার পৃথক তিন আদালত এ মামলাগুলোর রায় দেয়।

১০ বছর আগে রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম ঢাকার মেহেদী হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ার কমিশনার, লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডুশাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন। আসামিদের এক ধারায় তাদের ছয় মাস এবং আরেক ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ার কমিশনার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৬ মার্চ রাত ৮টার দিকে কারওয়ানবাজার ওয়াসা ভবনের সামনে রাত ৮টার দিকে একটি ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ট্যাক্সিচালক বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এদিকে ১১ বছর আগে পল্টন থানায় করা নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. সাইফুল ইসলাম মাসুদ ও যুবদলের সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনুসহ ১০ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগপত্রভুক্ত ৪৫ জনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ রায় দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালে ১ ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করলে জনজীবন ও যানচলাচল বাধা সৃষ্টি হয়। পুলিশ তা নিয়ন্ত্রণ করতে গেলে আসামিরা পুলিশের ওপর আক্রমণ করেন। বিচারকালে আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে।

এদিকে পাঁচ বছরের বেশি সময় আগে নাশকতার আরেক মামলায় গুলশান থানার বিএনপির ১১ নেতাকর্মীকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ রায় দেন। আসামিদের একটি ধারায় ছয় মাস, অন্য দুই ধারায় দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ২০১৮ সালের অক্টোবরে নাশকতার অভিযোগে গুলশান থানায় এ মামলাটি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত