ঘন কুয়াশায় বিমান নামেনি ৮ ঘণ্টা, ট্রেন লাইনচ্যুত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ এএম

ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারেনি। এ সময় কুয়াশার কারণে রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, চাঁদপুরের মেঘনা নদীতে দুটি পৃথক স্থানে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজনের মৃত্যু হয়। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে   দৌলতদিয়া পাটুরিয়া ও শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

শাহজালালে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি : ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১০টি যাত্রীবাহী ও একটি কার্গো ফ্লাইট অবতরণের কথা ছিল। ফ্লাইটগুলো ডাইভার্ট করে কলকাতা, হায়দ্রাবাদ, কুয়ালালামপুর ও ব্যাংককসহ কয়েকটি বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তী সময়ে সকাল ৮টার পর ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত : রংপুরে ঘন কুয়াশার কারণে লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল কমিউটার ট্রেনের (ডাউন-২০) দুটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এর কারণে বিকাল ৩টা পর্যন্ত লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। ঘটনাটি গতকাল মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়া জংশন স্টেশনে প্রবেশের সময় আউটার সিগন্যালের কাছে ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার মোবারক হোসেন।

স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল কমিউটার ট্রেন (ডাউন-২০) সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়া রেলস্টেশনের পূর্বে (তিস্তা পার হয়ে) পৌঁছে। এ সময় চেঞ্জিং পয়েন্টে কুয়াশায় ভালোভাবে দেখা না যাওয়ার কারণে ট্রেনটি লাইন থেকে বিচ্ছিন্ন হয় এবং সামনের ইঞ্জিন বাঁকা হয়ে চাকাগুলো লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও পেছনের বগিসহ ২টি বগি লাইনচ্যুত হয়। এ কারণে সকাল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার সঙ্গে ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন মাস্টার মোবারক হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার এবং সংস্কারকাজ চালায়। পরে বিকেল ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১ : চাঁদপুরের মেঘনা নদীতে পৃথক স্থানে যাত্রীবাহী লঞ্চের দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোহেল নামের এক যাত্রী নিহত হওয়ার খরব পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে মেঘনা নদীর হাইমচর ও মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটেছে বলে জানান চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি জানান, রাত আড়াইটার দিকে ঢাকাগামী সুরভী-৮ ও ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যাত্রী দুই লঞ্চের চাপায় পড়ে নিহত হয়েছেন। অপরদিকে রাত সাড়ে ৩টার দিকে এমভি এ আর খান-১ এবং এমভি রফরফ-৭ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, লঞ্চের মাস্টার ড্রাইভারদের প্রতিনিয়ত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন কুয়াশার মধ্যে নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া থাকলেও (বন্দর বিজ্ঞপ্তি) তারা কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করার কারণেই প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।

হাইমচরের নীলকমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা ঘটার পর কেউ একজন ট্রিপল নাইনে ফোন করে জানান। ঘটনাস্থলে গিয়ে আমরা কোনো লঞ্চ দেখতে পাইনি।  ইতিমধ্যে লঞ্চগুলো স্ব স্ব গন্তব্যে পৌঁছে গেছে।

সাড়ে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ : সোমবার রাত ১২টা থেকে সাড়ে ৫ ঘণ্টার ফেরি চলাচল বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সকাল ৬টা ৩০  থেকে স্বাভাবিক হয়েছে রাজবাড়ির গোয়ালন্দ থেকে ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান দেশ রূপান্তরকে ৭টা ৩০ মিনিটে মুঠোফোনে ফেরি চলাচল শুরুর তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকে পড়ে ছোট-বড় মিলিয়ে শতাধিক যানবাহন, এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনের চালক ও যাত্রীদের ফেরি চলাচল শুরু না হওয়া পর্যন্ত ঘাটে অপেক্ষা করতে হয় পারাপারের জন্য।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আলীম দাইয়ান দেশ রূপান্তরকে বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে পদ্মা ও এর আশপাশের এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। ফলে ব্যাহত হচ্ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। পরে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু : ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৪ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে সোমবার দিবাগত রাত ১২টা থেকে এ রুটে চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত