রাজধানীর ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ চারজনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় তিন বছরের কারাদণ্ড ও ১৬ জনকে খালাস দিয়েছে আদালত। তারা বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, একই ইউনিয়নের সাবেক মেম্বার আবদুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন।
আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের সাজা দিয়েছে আদালত। পলাতক থাকায় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ সেলিম রেজা।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে সেপ্টেম্বর মাসের রাত সোয়া ৮টায় বিএনপি ও জামায়াত-শিবিরের লোকজন ভাটারা থানাধীন ফাঁসেরটেক ২১ নম্বর বাড়ির সামনে বেআইনি সমাবেশ করেন। তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা দন্ডবিধির ১২০(খ) ধারায় এই মামলাটি করেন। একই ধারায় এসআই আমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে।
