ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়ার অভিযোগে সালিশে এক যুবককে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীর সামনে জুতা দিয়ে পেটানোর ঘটনার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, উপজেলার রূপাপাত ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের এক গৃহবধূর সঙ্গে প্রায় দুই বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল রমজান মোল্যার (২৫)। রমজান মোল্লা পাশের কুমরাইল গ্রামের দাউদ মোল্লার ছেলে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে। পরদিন শনিবার সকালে এ নিয়ে এক সালিশ বৈঠক বসে।
সালিশে উপস্থিত লোকজনের সামনে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ছানোয়ার মোল্যা রমজান মোল্যাকে জুতা দিয়ে পেটান। এ সময় গৃহবধূর সঙ্গে এক লাখ টাকার বিনিময়ে ছাড়াছাড়ি হয়ে যায় তার স্বামীর। এদিকে মেম্বারের জুতা দিয়ে পেটানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ইউপি সদস্য (মেম্বার) ছানোয়ার মোল্লা বলেন, ‘পরকীয়ার অভিযোগে রমজানকে আটক করা হয়। পরে সালিশের মধ্যে উপস্থিত লোকজনদের শান্ত করতে তাকে জুতা দিয়ে পেটানো হয়েছে।’
এ বিষয়ে রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষটি জানতে পারি। ছেলেটিকে জুতা দিয়ে পেটানোর বিষয়ে ওই মেম্বারকে রাগারাগি করা হয়েছে।’
