ফেরার ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে নায়ক রাসেল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ এএম

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে নেমে নিজেকে মেলে ধরলেন আন্দ্রে রাসেল। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ব্যাট হাতে খেললেন বিধ্বংসী ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে হলেন ম্যাচসেরা। ইংল্যান্ডকে হারানোর পথে আন্তর্জাতিক ক্রিকেটে এভাবেই প্রত্যাবর্তন করলেন আন্দ্রে রাসেল।

বারবাডোসের ব্রিজটাউনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭২ রান লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ১১ বল বাকি থাকতে। ক্যারিবিয়ানদের এই জয়ের নায়ক রাসেল ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর দুইটি করে ছক্কা-চারে খেলেন ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস।

১৭২ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত শুরু এনে দেন ব্র্যান্ডন কিং। স্যাম কারেনের প্রথম ওভারেই তার দুই ছক্কায় আসে ১৬ রান। ১২ বল ২২ রান করে কিং ফেরেন তৃতীয় ওভারে। ৪ ছক্কায় আরেক ওপেনার কাইল মেয়ার্স করেন ২১ বলে ৩৫ রান। পাওয়ার প্লেতে ৫৯ রান করা স্বাগতিকরা প্রথম ১০ ওভারে তোলে ৯৯ রান।

শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭২। রভম্যান পাওয়েল ও রাসেলের ২১ বলে ৪৯ রানের জুটিতে সেই প্রয়োজন সহজেই মেটায় ক্যারিবীয়রা। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক পাওয়েল। এছাড়া তিনে নেমে ৩ ছক্কা ও ২ চারে ৩৬ রানের কার্যকর ইনিংস খেলেন শেই হোপ।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। আরেক লেগ স্পিনার আদিল রশিদের শিকার ২ উইকেট। ইংল্যান্ডের প্রথম ও সব মিলিয়ে দশম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রশিদ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনার ফিল সল্টের সৌজন্যে শুরুটা ভালোই করে। অধিনায়ক জস বাটলারকে নিয়ে প্রথম পাওয়ার প্লেতে সল্ট দলকে এনে দেন ৭৭ রান। ২০ বলে ৪০ রান করে রাসেলের বলে আউট হন সল্ট।

তিনে নামা উইল জ্যাকসও দ্রুতগতিতে রান তোলায় মনোযোগী হন। দলীয় ৯৮ রানে আউট হওয়ার আগে করেন ৯ বলে ১৭। ৯ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় বাটলারের দল। দলীয় ১১৭ রানে বাটলার ৩১ বলে ৩৯ রান করে আউট হওয়ার পর ছন্দপতন ইংল্যান্ডের। শেষ ১১ ওভারে ইংল্যান্ড তুলতে পেরেছে ৭১ রান। হারিয়েছে ৮ উইকেট।

২ ছক্কা ও ১ চারে ২৭ রান করা লিয়াম লিভিংস্টোনের পর রেহানকেও ফেরান রাসেল। তার মতো তিনটি শিকার ধরেন আলজারি জোসেফও, তবে ৫৪ রান দেন এই পেসার। দুটি প্রাপ্তি রোমারিও শেফার্ডের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত