টেকনাফের পাহাড় থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তারা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য পাহাড়ে জড়ো হয়েছিল বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে কচ্ছপিয়ার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পায় পুলিশ। পরে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে কয়েকজন পালিয়ে যায়।  এ সময় পাহাড়ের ঝোপ জঙ্গলে জড়ো অবস্থায় নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন শিশু, ৬ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার হওয়াদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লোকজন তাদের সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময় তাদের তুলে দেওয়ার কথা ছিল।

পরিদর্শক আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি মানব পাচার মামলা রুজু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত