বিসিএল | ২য় রাউন্ড, তৃতীয় দিন

জয় থেকে ৪১ রান দূরে পূর্বাঞ্চল, ভালো অবস্থানে উত্তরাঞ্চল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে সিলেটে এক উইকেট হাতে রেখে ২৪২ রানে দিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। মাত্র এক রান যোগ করতেই মঈন খানের উইকেট পতনের মাধ্যমে শেষ হয় তাদের ইনিংস। ২৪৩ রানের সংগ্রহের কারণে তারা লিড পায় ২৪ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে তারা করেছিল ২১৯ রান। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আকবরের দলের সংগ্রহ ৩ উইকেটে ২৭৭ রান। শেষ দিনের খেলা শুরুর আগে উত্তরাঞ্চল এগিয়ে আছে ২৫৩ রানে।

দক্ষিণাঞ্চলের হয়ে তিনটি উইকেটই নিজের নামে করে নেন কামরুল ইসলাম রাব্বি। উত্তরাঞ্চলের হয়ে উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলে আউট হন সাব্বির হোসেন। তিন রান পর ফিরে যান আইচ মোল্লা। তবে একপ্রান্ত ধরে রেখে ২১৭ বলে ৮৭ রান করে অপরাজিত আছেন আবদুল্লাহ আল মামুন। চতুর্থ উইকেটে মামুনের সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন প্রীতম কুমার। ৮২ বলে ৬৩ রান করে প্রীতম ফেরেন। এর পর অধিনায়ক আকবর আলীকে নিয়ে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন পার করেন মামুন। আকবর অপরাজিত আছেন ৮৪ বলে ৬২ রান করে।

দিনের সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল: ১ম ইনিংস ২১৯; ২য় ইনিংস ৮১ ওভারে ২৭৭/৩ (মামুন ৮৭*, প্রীতম ৬৩, আকবর ৬২*; রাব্বি ১৭-১-৬০-৩)

দক্ষিণাঞ্চল: ৯৪.২ ওভারে ২৪৩ (মঈন ৩৫, আলআমিন ৭*; ইয়াসিন ১৯.২-৪-৪৭-৪, নাহিদুল ২৭-৬-৬১-৩, আশিক ১৩-১-৩৯-২)

 

চট্টগ্রামে ঘটনাবহুল তৃতীয় দিনশেষে জয় থেকে মাত্র ৪১ রান দূরে আছে পূর্বাঞ্চল। তাদের হাতে আছে ৭টি উইকেট।

আগের দিন ইয়াসির আলী চৌধুরীর সেঞ্চুরি পেলেও তৃতীয় দিন সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ইরফান শুক্কুর। আগের দিন অপরাজিত ছিলেন ৯১ রানে। এদিন আর কোনো রান যোগ করার আগেই কাটা পড়েছেন আবু হায়দার রনির বলে। শেষ ৩ উইকেট মাত্র ৫ রানের ব্যবধানে হারালে পূর্বাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ২৫৭ রান। রনি ও অপু ৩টি করে উইকেট পান।  

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায় মধ্যাঞ্চলের ইনিংস। এই ইনিংসেও নাঈম আহমেদ মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। খালেদ ৩টি, নাসুম ২টি ও রাহী ১টি উইকেট পান। সর্বোচ্চ ২৫ রান আসে শুভাগত হোমের ব্যাটে। এছাড়া রনি তালুকদার করেন ২৪ রান।

১৪৯ রানের লক্ষ্যে নেমে ৩ উইকেটে ১০৮ রান তুলে দিন শেষ করেন পূর্বাঞ্চলের ব্যাটাররা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়াসির সাত্র ৮ রানে ফিরলেও অমিত হাসান ১১৭ বলে ৪০ ও শামিম হোসেন ৪১ বলে ৩৬ রানে অপরাজিত আছেন। শেষ দিনে তাদের দরকার মাত্র ৪১ রান।

দিনের সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল: ১ম ইনিংস ২৮০, ২য় ইনিংস ৩৮.২ ওভারে ১২৫ (শুভাগত ২৫, রনি ২৪; নাঈম ৯-৪-১৬-৪, খালেদ ৬-০-৩৪-৩)

পূর্বাঞ্চল: ১ম ইনিংস ৮০.১ ওভারে ২৫৭ , ২য় ইনিংস ৩৭.১ ওভারে ১০৮/৩ (অমিত ৪০*, শামিম ৩৬*; রনি ৩-০-৯-১, অপু ১৮-১০-২৯-১, শুভাগত ১৩-০-৪৬-১)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত