পুরুষের শ্লীলতাহানি করে কারাগারে নারী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে এক ব্যক্তির শ্লীলতাহানি করায় এক নারীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ওই ব্যক্তির মুখ, কপাল, বাম কান এবং ঘাড়ে হাত দিয়ে আঁচড়ও দিয়েছেন তিনি। এ ঘটনায় কারাদণ্ডের পাশাপাশি তাকে তিন হাজার দিরহাম জরিমানাও করেছে ফুজাইরাহ ফেডারেল কোর্ট।

খালিজ টাইমস জানিয়েছে, ভুক্তভোগী অভিযোগ করেন ওই নারী আবাসিক ভবনে প্রবেশের সময় তার ওপর আক্রমণ করেন। এ সময় তার  শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে পুলিশকে অভিযোগ করার কথা জানালে তার মুখে ও অন্যান্য স্থানে আঁচড় দেন ওই নারী। মামলার এজাহারে বলা হয়, আহত হওয়ায় ভুক্তভোগী ২০ দিনেরও বেশি কাজ করতে পারেননি।

এদিকে পুলিশ অভিযুক্তকে তলব করলে তিনি প্রথমে অভিযোগ স্বীকার করেন। ফলে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়। যদিও  তদন্ত চলাকালে অভিযুক্ত তার বক্তব্য প্রত্যাহার এবং অভিযোগ অস্বীকার করেন।

তার দাবি, বাজার থেকে ফেরার পর অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিলেন তিনি। ভবনের প্রবেশমুখে ওই ব্যক্তি তার ওপর হামলা চালায়। তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তি তাকে লিফটেও আক্রমণ করেন। তাই নিজেকে রক্ষা করতেই তিনি তার মুখে আঁচড় দিয়েছিলেন।

যদিও ওই ব্যক্তি মুখ, কপাল, বাম কান এবং ঘাড়ের ডান দিকে একাধিক আঁচড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি মেডিকেল পরীক্ষার ফর্ম এজাহারে সংযুক্ত করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত