আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জয়িতা অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের জন্য নৌকায় ভোট চেয়েছিলেন।
উপজেলা চেয়ারম্যানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাছান। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে পরিষদের সামনে এ জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এদিন সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে জয়িতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার নারীদের জন্য ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। পাশাপাশি অনেক সম্মানও দিয়েছে। ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে। তার এই বক্তব্য রিটার্নিং কর্মকর্তার নজরে এলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাছান দেশ রূপান্তরকে বলেন, জয়িতা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার জন্য ভোট চেয়েছেন। এ কারণে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
