জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপন করায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক অফিস সহকারী রফিক আহমদ (৬৪) এবং তার স্ত্রী নুর জাহানের (৫৬) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানকালে এই দম্পতির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ২ এ মামলাটি দায়ের করেছেন সংস্থাটির উপসহকারী পরিচালক খাইরুল ইসলাম ভুঁইয়া।
মামলার এজাহারে এই দম্পতির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রায় দুই কোটি ১২ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার বুধপুরায়। বর্তমানে তারা থাকেন নগরের পাথরঘাটা ৫৬ সতীশ বাবুলেইনে নিজেদের মালিকানা ধীন ছয়তলা ভবনে।
অভিযোগ পেয়ে ২০১৯ সালের ২৯ মে এই দম্পতিকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ৭ জুলাই তারা সম্পদ বিবরণী দাখিল করেন। এতে ৯৮ লাখ ৭৪ হাজার ৮৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখানো হয়।
কিন্তু দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে ১ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৯০ টাকার সম্পদ। দূর্ণীতির মাধ্যমে অর্জিত টাকায় সাবেক সরকারি কর্মচারী রফিক আহমদ ২০০৬ সাল থেকে ২০০৮ সালের মধ্যে পাথরঘাটা ৫৬, সতীশ বাবুলেইনে গড়ে তোলেন ৬ তলা বাড়ি।
এছাড়া গ্রামের বাড়ি পটিয়ায় গড়ে তোলেন দেড় কোটি টাকা দামের দোতলা বাড়ি। অথচ সম্পদ বিবরণীতে বাড়ি দুটির নির্মাণ ব্যয় দেখানো হয়েছে ৬৭ লাখ টাকা।
অভিযোগ তদন্ত করে দম্পতির বিরুদ্ধে আয়বহির্ভূত প্রায় ২ কোটি ১২ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় গত ২৯ নভেম্বর মামলার অনুমোদন দেয় দুদক।
×
