দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে তীব্র শীত পড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আজ দিনাজপুরে ১০.৬, চুয়াডাঙ্গায় ১০.৮, রাজশাহী, সৈয়দপুর ও রাজারহাটে ১১.০, ডিমলা ও ঈশ্বরদীতে ১১.৫, বদলগাছীতে ১১.৬, ময়মনসিংহে ১১.৭, যশোর ও নিকলিতে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশের পশ্চিম এবং উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
